বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৪:৪০

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন, আজ যাচ্ছে প্রবাসীদের পোস্টাল ব্যালট 

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোট দিতে নিবন্ধনকারী
প্রবাসী ভোটারদের জন্য আজ পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, বগুড়া-৬ আসনের নিবন্ধনকারী ১২৮১ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে। এছাড়া শেরপুর-৩ আসনে নিবন্ধনকারী ৩৮৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, আজকের মধ্যে এই দুই আসনের নিবন্ধনকারী সকল প্রবাসী ভোটেরর কাছে পোস্টাল ব্যালট পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার সাংবাদিকদের বলেন, প্রবাসীদের জন্য ওসিভি ও দেশের ভেতরের ভোটারদের জন্য আইসিভি, দুই ধরনের পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে। প্রবাসীদের জন্য ওসিভি ব্যালট বৃহস্পতিবার থেকে পাঠানো শুরু হবে। আর দেশের ভেতরে থাকা পোস্টাল ভোট গ্রহণ শুরু হবে ২৩ বা ২৪ মার্চের দিকে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. মাহমুদুল হক রুবেল। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. মাসুদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলে (মার্কসবাদী) একজন করে প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তা বাছাই কার্যক্রম সম্পন্ন করার পর এই আসন থেকে কেউ আপিলও করেননি। ফলে সকলেই এখনো বৈধ প্রার্থী হিসেবে আছেন।

বগুড়া-৬ আসনের নির্বাচন : নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের নির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. রেজাউল করিম বাদশা। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থীও এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনেও রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাছাই কার্যক্রম সম্পন্ন করার পর কেউ আপিলও করেননি। ফলে সকলেই এখনো বৈধ প্রার্থী হিসেবে আছেন।
ইসির তফসিল অনুযায়ী, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৫ মার্চ।