শিরোনাম

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)’র প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারস্পরিক সহযোগিতা জোরদার, সন্ত্রাসবাদ দমন এবং ট্রান্সন্যাশনাল অপরাধ মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুহেল দাউদ, লিগ্যাল অ্যাটাশে, এফবিআই/লিগ্যাট, যুক্তরাষ্ট্র দূতাবাস, নয়াদিল্লি, ভারত। তিনি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের জন্য দায়িত্বপ্রাপ্ত।
এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।