শিরোনাম

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করার লক্ষ্যে ঢাকার মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মহাখালী বাস টার্মিনালে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস।
মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার মো. সরওয়ার ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
অনুষ্ঠিত সভায় পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদ উপলক্ষে রাজধানী থেকে বিপুল সংখ্যক মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। এ সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি জোরদার করা হবে এবং চাঁদাবাজি বা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ঈদযাত্রাকে নিরাপদ, সুশৃঙ্খল ও ভোগান্তিমুক্ত করতে পরিবহন মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।