বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৭:১১

গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রাম (দক্ষিণ), মার্চ ১১ ২০২৬ (বাসস): কোচিং করতে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতায় সারাবন তাহুরা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সারাবন তাহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবহান গ্রামের সৌদিপ্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল তাহুরার।

স্থানীয়রা জানান, কালো একটি ষাঁড় পদুয়া তেওয়ারিহাট বাজারে বিক্রির জন্য এনেছিলেন এক বিক্রেতা। 

সড়কের পাশে সেটি বাঁধা ছিল। এসএসসি পরীক্ষার্থী সারাবন তাহুরা পাশ দিয়ে কোচিংয়ে যাওয়ার সময় হঠাৎ ষাঁড়টি দড়ি ছিঁড়ে তাকে শিং দিয়ে গুঁতা দেয়। এতে তাহুরা সড়কের পাশে বাঁশের স্তূপের ওপর গিয়ে পড়ে। এ সময় মুখে গুরুতর আঘাত পায় তাহুরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া বলেন, সারাবন তহুরা নামের এক স্কুলছাত্রীকে দুপুরে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।