শিরোনাম

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : ট্রেনে ফেলে আসা স্বর্ণের গয়নাসহ একটি ট্রাভেল ব্যাগ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশের সহযোগিতায় ব্যাগটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
আজ বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, জামালপুর রেলস্টেশন থেকে মারুফ হোসেন মুন্না নামে এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে তিনি জয়দেবপুর থেকে উঠে জামালপুর স্টেশনে নেমে পড়েন। কিন্তু ভুলবশত তার ট্রাভেল ব্যাগটি ট্রেনের ‘ঘ’ বগির ৩২ নম্বর সিটের ওপরের তাকে রেখে নেমে যান।
তিনি আরও জানান, ব্যাগের ভেতরে নতুন বানানো একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া রূপার পায়ের মল, প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড়চোপড় রয়েছে।
ব্যাগটি উদ্ধারে সহায়তার জন্য তিনি ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল তুষার মামুন কলটি গ্রহণ করে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ থানায় জানালে ব্যাগটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই হরলাল রায়।
পরে সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার একটি দল ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছালে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে কলারকে বিষয়টি জানানো হলে তিনি দেওয়ানগঞ্জ রেলওয়ে থানা থেকে ব্যাগটি বুঝে নেন।