বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৪:২৮

বিভাগীয় শহরের পাম্পগুলোতে তেল সরবরাহ বাড়িয়েছে বিপিসি

ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : চলমান বৈশ্বিক সংকট কাটাতে বিভাগীয় শহরের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

এসব পাম্পে অকটেন ও পেট্রোল সরবরাহ কমানোর হার ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশে আনা হয়েছে।

আজ (বুধবার) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেল (অকটেন ও পেট্রোল) এর গড় বিক্রয় থেকে আগের নির্ধারিত ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ কমানো হয়েছে। পাশাপাশি ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দকৃত চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো হলো-ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানী লিমিটেড,  ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, এলপি গ্যাস লিমিটেড, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড এবং পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি।