বাসস
  ১০ মার্চ ২০২৬, ১৯:২০

রমজানজুড়ে ইফতার কর্মসূচি ডব্লিউএস ফাউন্ডেশনের 

ছবি : বাসস

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী বিনামূল্যে ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘ডব্লিউএস ফাউন্ডেশন’।

সমাজের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ডব্লিউএস কমার্সের সহযোগী এই সংগঠনটি এ কর্মসূচি গ্রহণ করেছে।

‘মানুষ মানুষের জন্য’, এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি তাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করছে। প্রাথমিকভাবে ঢাকা, মানিকগঞ্জ ও টাঙ্গাইল - এই তিন জেলায় তারা কাজ শুরু করলেও আগামীতে দেশব্যাপী এসব কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রমজানের ইফতার আয়োজনের পাশাপাশি ডব্লিউএস ফাউন্ডেশন খাদ্য ও জরুরি সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ বিতরণের কাজ করে থাকে।

মানুষকে স্বাবলম্বী করে তুলতে তারা শিক্ষা সহায়তা, বৃত্তি প্রদান, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র অর্থায়নেও সহায়তা করছে। একইসঙ্গে নারী ও যুব উন্নয়নকেও তাদের কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং সেবা দিচ্ছে ফাউন্ডেশনটি। এতিম ও প্রবীণদের সহায়তা, বাসস্থান ও আশ্রয়ণ, বিবাহ সহায়তা, প্রযুক্তি ও ডিজিটাল সুবিধা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও কাজ করছে তারা।

ডব্লিউএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুর সিরাজ বাপ্পী বলেন, ‘সমতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর ও সহায়ক সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক নানা উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা কাজ করে যাচ্ছি।’