বাসস
  ১০ মার্চ ২০২৬, ০০:১৮

জ্বালানি তেলের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণে দ্বিতীয় দিনের মতো মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : দেশে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

জ্বালানি বিভাগ থেকে আজ সোমবার জানানো হয়, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি পর্যালোচনার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে এ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, গাবতলীর এস এস ফিলিং স্টেশন, মেসার্স রায়হান ফিলিং স্টেশন, নেছার অ্যান্ড সন্স ফিলিং স্টেশন ও ডেনসো ফিলিং স্টেশন, মিরপুরের স্যাম ফিলিং স্টেশন ও সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিস এবং কালশির সুমাত্রা ফিলিং স্টেশনগুলোতে সকল নিয়ম মেনে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে।

অন্যদিকে গাবতলীর ট্রেড কনসোর্টিয়াম ও রোজিনা এন্টারপ্রাইজ ড্রাই (তেলশূন্য) অবস্থায় পাওয়া যায়।

অভিযান চলাকালে ফিলিং স্টেশনগুলোর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে জ্বালানি বিভাগ জানিয়েছে, গতকালের তুলনায় আজ (সোমবার) পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ডিজেলের চাহিদা ও সরবরাহে বড় ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি।

তবে অকটেনের চাহিদা তুলনামূলক বেশি ছিল, বিশেষ করে মোটরসাইকেল ও প্রাইভেট কার বা জিপের জন্য। ঢাকার কেন্দ্রীয় এলাকায় অকটেন নেওয়ার জন্য কয়েকটি ফুয়েলিং স্টেশনে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি দেখা গেছে। তবে ঢাকার কেন্দ্র থেকে দূরের এলাকাগুলোতে এ ধরনের সমস্যা দেখা যায়নি।

গতকালের অভিযানের পর আজ ড্রামে তেল পরিবহনের কোনো ঘটনা লক্ষ্য করা যায়নি।

এছাড়া, ভোক্তা পর্যায়ে আতঙ্কও অনেকটা কমে এসেছে বলে জ্বালানি বিভাগের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।