বাসস
  ১০ মার্চ ২০২৬, ০০:১৫

ডাবল স্টিকার দিয়ে পোশাকের দাম বাড়ানোয় চট্টগ্রামে ‘জেন্টল পার্ক’কে জরিমানা

ছবি : বাসস

চট্টগ্রাম, ৯ মার্চ ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে বিক্রির অভিযোগে ‘জেন্টল পার্ক’ নামে একটি বস্ত্র বিক্রয়কেন্দ্রকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

একই অভিযানে অননুমোদিত প্রসাধনী বিক্রি ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে পণ্য বিক্রির দায়ে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ বিকেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সহায়তায় নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে দাম বাড়ানোর অভিযোগে জেন্টল পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই মার্কেটে অন্য প্রতিষ্ঠানের উৎপাদিত পোশাক নিজেদের উৎপাদিত বলে বিক্রি করার দায়ে ‘শৈল্পিক’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে ‘ইন্টার লিংক কসমেটিকসকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে ‘আর বি কালেকশন’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।