বাসস
  ০৯ মার্চ ২০২৬, ২৩:৩৭

ডিএমপির সাবেক উপ-কমিশনার কোহিনুর মিয়াকে চাকরিতে পুনর্বহাল

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. কোহিনুর মিয়ার বিরুদ্ধে দেওয়া বরখাস্তের আদেশ বাতিল করে তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. কোহিনুর মিয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি বিভাগীয় মামলার প্রেক্ষিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। একই অভিযোগে দায়ের করা দুটি ফৌজদারি মামলায় তিনি আদালত থেকে খালাস পাওয়ার পর রাষ্ট্রপতির নিকট পুনর্বিবেচনার আবেদন করেন। পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশক্রমে তার বিরুদ্ধে জারি করা বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এর ফলে তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বে জারি করা বরখাস্তের আদেশ বাতিল করা হলো। একই সঙ্গে তার বরখাস্তকাল চাকরিকাল হিসেবে গণ্য হবে এবং তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।