বাসস
  ০৯ মার্চ ২০২৬, ২২:১৮

অমর একুশে বইমেলার ১২তম দিনে নতুন বই জমা পড়েছে ১৬৩ টি

ছবি : বাসস

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : অমর একুশে বইমেলার ১২তম দিনে আজ সোমবার নতুন বই জমা পড়েছে ১৬৩টি।

মেলা চলে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৩টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় শহীদুল্লাহ কায়সার শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে সভায় প্রবন্ধ উপস্থাপন করেন শিবলী আজাদ। আলোচনায় অংশ নেন প্রশান্ত মৃধা।

শিবলী আজাদ বলেন, পূর্ব বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক শহীদুল্লাহ কায়সার। বামপন্থী রাজনীতি, সাংবাদিকতা ও লেখকবৃত্তি শহীদুল্লাহ কায়সারের খ্যাতির মূল কারণ হলেও স্বাধীনতার প্রাক্কালে তার শাহাদাতবরণ তাকে দিয়েছে অনন্য এক মর্যাদা। রোজনামচা, ভ্রমণকাহিনি ও উপন্যাস মিলিয়ে নয়টি পূর্ণাঙ্গ ও একটি অসমাপ্ত গ্রন্থের লেখক শহীদুল্লাহ কায়সার মূলত একজন প্রথিতযশা ঔপন্যাসিক হিসেবেই বেশি পরিচিত। সারেং বৌ (১৯৬২) এর মাধ্যমে হাতেখড়ি হলেও উপন্যাসে তার দক্ষতার ছাপ প্রথম গ্রন্থেই প্রমাণিত। সংশপ্তক (১৯৬৫) উপন্যাসের প্রকাশ তার ঔপন্যাসিক সক্ষমতার ধারণা দৃঢ় করেছে, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিকের অধিষ্ঠান দিয়েছে। শহীদুল্লাহ কায়সারের জীবদ্দশায় পূর্ববাংলায় ঘটেছে ব্যাপক সামাজিক, রাজনৈতিক ও আর্থিক ভাঙচুর, পাশাপাশি ঘটেছে সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক রূপান্তর। আর সেই সব সামাজিক রূপান্তরের চিহ্ন শহীদুল্লাহ কায়সারের সাহিত্যে উঠে এসেছে।
প্রশান্ত মৃধা বলেন, শহীদুল্লাহ কায়সারের সৃষ্টিকর্মকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার অবকাশ রয়েছে। সমকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাই তাঁর উপন্যাসের পটভূমি নির্মাণ করেছে। এজন্য প্রায়শই তার রাজনৈতিক সত্তা তার সাহিত্যিক সত্তাকে অতিক্রম করে গেছে।

তিনি তার উপন্যাসে অত্যন্ত শিল্প সফলভাবে গ্রামীণ জীবনের চিত্র তুলে ধরেছেন। অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, শহীদুল্লা কায়সার বাংলাদেশের জাতীয়তাবাদের ইতিহাসে অন্যতম প্রধান চরিত্র। তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। তার উপন্যাসগুলোকে যদি জাতীয় চেতনার দৃষ্টিকোণ থেকে পাঠ করা হয়, তাহলে নিশ্চয়ই অধিকতর সুফল পাওয়া যাবে।

লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন অনুবাদক ফয়েজ আলম এবং জাভেদ হুসেন।

এদিকে নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিকেল ৪টায় শুরু হয়।

আগামীকাল ১০ই মার্চ মঙ্গলবার মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৩টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : সৈয়দ মনজুরুল ইসলাম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন আহমাদ মোস্তফা কামাল। আলোচনায় অংশ নেবেন হরিশংকর জলদাস। সভাপতিত্ব করবেন খালিকুজ্জামান ইলিয়াস। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।