শিরোনাম

খুলনা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে খুলনার খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সকাল ১০টায় উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে খুলনায় ১ হাজার সুবিধাভোগী ফ্যামিলি কার্ড পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি। বিশেষ অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্তফা বাসসকে বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য পাইলট কর্মসূচির অধীনে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে পরিবার জরিপ শেষ হয়েছে। মোট ৮ হাজার ৭ জন সুবিধাভোগীর তালিকা তৈরি করে নাম ঢাকায় পাঠানো হয়। যার মধ্যে ৪ হাজার ১৫৮টি কার্ড ইতোমধ্যে খুলনায় পৌঁছেছে। এর মধ্যে ১ হাজার কার্ড আগামীকাল মঙ্গলবার বিতরণ করা হবে। বাকি কার্ডগুলি পর্যায়ক্রমে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে।
এ ব্যাপারে খুলনার জেলা প্রশাসক আ.স.ম জামশেদ খোন্দকার বাসসকে বলেন, আগামীকাল মঙ্গলবার উদ্বোধনী দিনে ৫০টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। বাকিগুলো বিভিন্ন বুথের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হবে।