বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৯:৩৬

শাহজালাল বিমানবন্দরে ৪,৩৬৪ পিস ইয়াবাসহ যাত্রী আটক

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার ব্যাটালিয়ন সদস্যের তৎপরতায় ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবাসহ সাইদুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা  মো. আশিকউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  

আটক সাইদুল ইসলামের বাড়ি ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকায়।  

আনসার জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্স’র সৌদি আরবগামী একটি বিমানে যাত্রার উদ্দেশ্যে ওই যাত্রী আসেন। হেভি লাগেজ গেইট-৪ দিয়ে প্রবেশের পর নির্ধারিত কাউন্টারের রো ‘সি’-তে চেক-ইন সম্পন্ন করেন। পরে বোর্ডিং ব্রিজ নং সি২-এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির জন্য উপস্থিত হন।

প্রি-বোর্ডিং পর্যায়ে ব্যাগ স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহী শামীম রেজা (১১ বিএন) ব্যাগটি সন্দেহজনক মনে হলে সিভিল সিকিউরিটি সদস্য হিজবুল বাহারকে র‌্যান্ডম তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু পাওয়া যায়।

পরে আনসার সদস্য শামীম রেজা ও সিকিউরিটি সুপারভাইজার মোর্শেদা বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে এভসেক কর্তৃপক্ষ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করেন। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ট্যাবলেটগুলো গণনা করে মোট ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা জব্দ করেন।

পরবর্তীতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে এবং এভসেক কর্তৃপক্ষ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে।