বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৮:৩৭

পুরান ঢাকার মানুষের জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

আজ সোমবার সিদ্দিক বাজার এলাকায় (আলাউদ্দিন রোড) নবনির্মিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’-এর উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: ডিএসসিসি

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস): পুরান ঢাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি নতুন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ সোমবার সিদ্দিক বাজার এলাকায় (আলাউদ্দিন রোড) নবনির্মিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’-এর উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, পুরান ঢাকার মানুষের জন্য সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজন করা দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ ছিল। নবনির্মিত এই আধুনিক কমিউনিটি সেন্টার সেই সীমাবদ্ধতা অনেকটাই দূর করবে।

তিনি বলেন, 'আমরা শুধু একটি ভবন নির্মাণ করিনি, বরং নাগরিকদের জন্য এখানে আধুনিক স্বাস্থ্যসেবা, পাঠাগার এবং ব্যায়ামাগারের ব্যবস্থাও রাখা হয়েছে। এটি হবে পুরান ঢাকার মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ সামাজিক ও সেবামূলক কেন্দ্র।'

তিনি স্থানীয় বাসিন্দাদের এই রাষ্ট্রীয় সম্পদটির যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগেই এই ধরনের অবকাঠামো দীর্ঘদিন ধরে টেকসই রাখা সম্ভব।

প্রশাসক আরও বলেন, পুরান ঢাকার উন্নয়নে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবদান বিশেষভাবে স্মরণীয়। এই কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি। উন্নয়নের কারণে পুরান ঢাকা আজও খোকা ভাইয়ের কাছে ঋণী, যোগ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব তত্ত্বাবধানে প্রায় ৩৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলার এই আধুনিক ভবনে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুপ্রশস্ত ব্যবস্থা। কমিউনিটি সেন্টারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় প্রতি ফ্লোরে প্রায় ৫৫০ জন করে মোট ১ হাজার ৬৫০ জন অতিথি আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।

এছাড়া ভবনের পঞ্চম তলায় রয়েছে ওয়ার্ড কাউন্সিলর অফিস, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও একটি পাঠাগার (লাইব্রেরি)। সুস্থ জীবনধারা নিশ্চিত করতে ষষ্ঠ তলায় স্থাপন করা হয়েছে অত্যাধুনিক জিমনেসিয়াম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ডিএসসিসির অধীনে নগরবাসীর সামাজিক চাহিদা পূরণে আরও বড় পরিসরে বিভিন্ন কমিউনিটি সেন্টার নির্মাণের কাজ চলমান রয়েছে। ডিসিএনইউপি প্রকল্পের আওতায় ৯টি কেন্দ্রের নির্মাণকাজ ইতোমধ্যে প্রায় ৫২ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া কর্পোরেশনের নিজস্ব তহবিলে ১৯টি কেন্দ্রের নির্মাণ কাজ চলমান রয়েছে এবং আরও ৩০টি নতুন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।