বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৩:৪০

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

বাচ্চু মিয়া। ফাইল ছবি

কিশোরগঞ্জ, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

গতকাল রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৭) নিহত হন।

নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরবে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া দীর্ঘ ৭ বছর ধরে সৌদি আরব পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন। ২ বছর আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে ছোট কন্যা সন্তান শারীরিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ মিসাইল হামলায় প্রবাসী বাচ্চু মিয়ার মৃত্যুর বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং পরিবারটির পাশে থাকবে সরকার ও উপজেলা প্রশাসন।