শিরোনাম

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
গতকাল (রোববার) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (সোমবার) এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দেশের সাংবাদিকতা শিক্ষা ও গবেষণার উন্নয়ন, প্রসার এবং আধুনিকায়নে ড. সাখাওয়াত আলী খান অনন্য অবদান রেখেছেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি সাংবাদিকতা পেশার উন্নয়নেও তার অসামান্য অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে, সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’য় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।