শিরোনাম

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : দেশে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
জ্বালানি বিভাগ থেকে আজ জানানো হয়, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি পর্যালোচনার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়।
জ্বালানি বিভাগ জানায়, অভিযান চলাকালে রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
আসাদ গেটের মেসার্স সোনার বাংলা ফিলিং স্টেশন ও মেসার্স তালুকদার ফিলিং স্টেশন, গাবতলীর মেসার্স শাহানাজ ফিলিং স্টেশন, মেসার্স এসপি ফিলিং স্টেশন ও মেসার্স ডেনসো ফিলিং স্টেশন, তেজগাঁও ক্লিন ফুয়েল স্টেশন, টেকনিক্যাল মোড় (গাবতলী) এলাকার মেসার্স আল-মাহমুদ ফিলিং স্টেশন, কল্যাণপুরের মেসার্স কমফোর্ট ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন ও মেসার্স মোহনা ফিলিং স্টেশন এবং মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে সকল নিয়ম মেনে তেল সরবরাহ কার্যক্রম চালু রয়েছে।
রাজধানীর তেজগাঁও এলাকার সিটি ফিলিং স্টেশন, আরএস এন্টারপ্রাইজ এবং রয়েল ফিলিং স্টেশন, মহাখালীর তশোফা ফিলিং স্টেশন, কল্যাণপুরের মেসার্স সাহিল ফিলিং স্টেশন, মেসার্স সোহরাব সার্ভিসেস ফিলিং স্টেশন এবং দারুস সালামের মেসার্স খালেক সার্ভিস স্টেশন বর্তমানে ‘ড্রাই’ (তেলশূন্য) অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।
তবে সিটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তেলবাহী গাড়ি পৌঁছালেই দ্রুত সরবরাহ পুনরায় শুরু করা হবে।
এছাড়া মহাখালী এলাকার সোহাগ ফিলিং স্টেশনে তিন হাজার ৫০০ লিটার অকটেনের মজুত থাকলেও পরিমাপে কিছু অসংগতি পাওয়া যায়। পরে তা সংশোধন করে পুনরায় তেল বিক্রি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।