বাসস
  ০৮ মার্চ ২০২৬, ২১:০৭

অমর একুশে বইমেলার ১১তম দিনে মেলায় নতুন বই ৭৫টি

ছবি: বাসস

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস): অমর একুশে বইমেলার ১১তম দিনে আজ নতুন বই এসেছে  ৭৫টি। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে।

বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় আসাদ চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কুদরত—ই—হুদা।

সৈয়দ আজিজুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সৈকত হাবিব।

কুদরত—ই—হুদা বলেন, কবি আসাদ চৌধুরী দীর্ঘ ৮০ বছর পুরোদস্তুর একজন কবির জীবনযাপন করেছেন। তার কবিতায় সবসময়ই সক্রিয় থেকেছে বাংলাদেশ রাষ্ট্রের প্রতি অপরিসীম দরদ। তার যাপন আর কবিতার মধ্যে ছিল একটি খাঁটি পূর্ববঙ্গীয় ব্যাপার। তাকে বাংলাদেশের ভাষা, সাংস্কৃতিক ইতিহাস আর নিজস্ব কাব্যপ্রগতির সঙ্গে সহজেই মিলিয়ে পাঠ করা যায়। এই বিষয়টি আসাদ চৌধুরীকে তার কালের কবিদের থেকে আলাদা করেছে বলে ধারণা করা যায়।

তিনি বলেন, এই ঘরানাটি বাংলাদেশের কবিতার ইতিহাসে বরাবরই ক্ষীণ। আসাদ চৌধুরীদের এই কাব্যধরনটিই বাংলাদেশের নিজস্ব আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রগতির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়। এই ধারার ভেতর দিয়েই প্রকাশ পেতে পারে ‘আমাদের আধুনিকতা’র খাঁটি রূপটি। এ কারণে আসাদ চৌধুরীর উজ্জ্বলতা বাংলাদেশের কবিতার ইতিহাসে দিন দিন বাড়বে বৈ কমবে না।

সৈকত হাবিব বলেন, আমাদের ভাষা ও সাহিত্যের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব কবি আসাদ চৌধুরী। বাংলা সাহিত্য-সংস্কৃতিতে তার অবদান সুদূরপ্রসারী। তিনি ছিলেন একজন গণমানুষ, প্রেমিক ব্যক্তিত্ব। একাধারে কবি, শিশু সাহিত্যিক, অনুবাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও জনপ্রিয় উপস্থাপক আসাদ চৌধুরী সকল ক্ষেত্রেই তার মৌলিক প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে, সবকিছু ছাপিয়ে তার শারীরিক ও বাচনিক ব্যক্তিত্বই আমাদের স্মৃতিতে প্রবলভাবে হাজির হয়।

সৈয়দ আজিজুল হক বলেন, কবিতার মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্যকে তুলে ধরার একটি প্রবণতা কবি আসাদ চৌধুরীর মধ্যে লক্ষ্য করা যায়। বিচিত্র বিষয়ে লেখার প্রবণতা ছিল তার। তিনি আপামর জনসাধারণের কাছে কবি হিসেবে যতটা না পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত একজন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ও সুবক্তা হিসেবে।

লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন কবি, গবেষক, সাংবাদিক মাহবুব হাসান।
বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করা হয়।

আগামীকাল ৯ মার্চ সোমবার মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে শহীদুল্লা কায়সার শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শিবলী আজাদ। আলোচনায় অংশ নেবেন প্রশান্ত মৃধা। সভাপতিত্ব করবেন অধ্যাপক মোহাম্মদ আজম।

বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।