শিরোনাম

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন না করায় রাঙ্গামাটি-২৯৯ আসনের বিলাইছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আবদুল্লাহ আল মামুনকে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি রাঙামাটি জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিগত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ২৯৯ রাঙ্গামাটি আসনের বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসটি) ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, মাঠ কর্মকর্তা, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, বিলাইছড়ি, রাঙ্গামাটি কোনো রূপ অবগত না করে দায়িত্ব পালনে বিরত থাকেন, যা নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত)-এর ধারা ৫(১) অনুযায়ী অসদাচরণ। ফলে, বর্ণিত অসদাচরণের কারণে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত) এর ধারা ৫(৩) অনুযায়ী নির্বাচন কমিশন উক্ত সহকারী প্রিজাইডিং অফিসারকে ২ মাস সময়ের জন্য চাকরি হতে সাময়িক বরখাস্ত করার আদেশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একই সাথে অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসারের নিয়োগকারী কর্তৃপক্ষকে উক্ত অভিযোগ এবং তৎপ্রেক্ষিতে সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি অবহিত করে উল্লিখিত আইনের ধারা ৫(১) ও ৫(২) এর বিধান অনুযায়ী শৃঙ্খলামূলক কার্যধারা গ্রহণেরও সিদ্ধান্ত প্রদান করেছেন।’
‘বর্ণিতাবস্থায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আবদুল্লাহ আল মামুন, মাঠ কর্মকর্তা, পিডিবিএফ-কে ২ মাস সময়ের জন্য চাকরি হতে সাময়িক বরখাস্ত করার আদেশ প্রদান করা হয়। একই সাথে তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি অবহিত করে তার নিয়োগকারী কর্তৃপক্ষকে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত) এর ধারা ৫(১) ও ৫(২) অনুযায়ী শৃঙ্খলামূলক কার্যধারা গ্রহণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’