শিরোনাম

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস): ২০২৫ সালে সহিংসতা ও যৌন হয়রানির শিকার ৩২ হাজার ৩৮৬ জন নারীকে জরুরি সেবা দিয়েছে ৯৯৯।
আজ রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর প্রধান ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপনের প্রাক্কালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির কলসমূহ দ্রুততম সময়ের মধ্যে সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা ২০২০’-এ জরুরি সেবার কার্যপরিধিভুক্ত বিষয় হিসেবে ‘নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা, হয়রানি, সম্মানহানি ও ইভটিজিং’ অন্তর্ভূক্ত রয়েছে।
তিনি আরো বলেন, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার কলসমূহ ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিয়ে থাকে। এ ধরনের ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে ভুক্তভোগীকে দ্রুততার সাথে জরুরি সেবা দিয়ে থাকে।
২০২৫ সালে সহিংসতা ও যৌন হয়রানির শিকার ৩২ হাজার ৩৮৬ জন নারীকে সেবা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ৯৯৯-এর ওপর জনগণের আস্থা ও ভরসার কারণে ৯৯৯-এ এ ধরনের সেবা সংক্রান্ত কলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। জনপ্রিয়তা ও ৯৯৯-এর ওপর আস্থার কারণে পারিবারিক নির্যাতন বা যৌন-হয়রানির শিকার ভুক্তভোগীরা বর্তমানে আগের চেয়ে বেশি অভিযোগ করছেন বলে প্রতীয়মান হয়।
২০২৩ সালে ২৬ হাজার ৭৯৮ জন কলারকে, ২০২৪ সালে ২৩ হাজার ৩৩ জন কলারকে এবং ২০২৫ সালে ৩২ হাজার ৩৮৬ জন কলারকে তাৎক্ষণিকভাবে জরুরি সেবা দিয়েছে ৯৯৯।