বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৬:৫৪

যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যকে হুমকি, দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড

ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : যাত্রাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত অভিযানের সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার ঘটনায় দুইজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. তুহিন (২৪) ও মো. আরিফ (৩০)।

পুলিশ জানায়, শনিবার যাত্রাবাড়ী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মাওয়া ইনকামিং রোড এবং শহীদ ফারুক সরণীতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. তুহিন ও আরিফ কর্তব্যরত পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য ও বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। তাৎক্ষণিক দায়িত্বরত পুলিশ তাদের আটক করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে আদালত উভয়কে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ফুটপাত হকারমুক্ত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।