শিরোনাম

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। গতকাল (শনিবার) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো. মনির হোসেন (৩৬) ও মো. জসিম উদ্দীন (৪০)।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল ভোরে থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ৩২ নম্বরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে জাতীয় পতাকা ও মাথায় বাঁধার ১০টি হেডব্যান্ড উদ্ধার করা হয়।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেফতাররা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। তারা মিছিলের উদ্দেশ্যে ধানমন্ডি ৩২ নম্বরে একত্রিত হয়েছিল। তাদের মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে প্রচারমূলক একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।