বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৪:৪৩

মির্জা আব্বাসকে ‘ভয়ভীতি’: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপি ও এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কোলাজ: বাসস

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মানহানি, অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও অবমাননার অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

আজ (রোববার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

বাদী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় আসামি বিভন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন। কেবল তাই নয় নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিচ্ছে।

আরও বলা হয়েছে, সর্বশেষ গত ৫ মার্চ ফেইসবুকে আশরাফুল ইসলাম দেখতে পান, পাটওয়ারী মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মানহানিকর বক্তব্য দিচ্ছেন। বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক ও ইউটিউবে ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের মান সম্মান ক্ষুন্ন করা হয়েছে। 

মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যে প্রণোদিত এবং ইচ্ছাকৃতভাবে একের পর এক মিথ্যা বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এ ধরনের কর্মকাণ্ড সকল প্রকার শিষ্টাচার রীতিনীতি বহির্ভূত এবং মানহানিকর। মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০/৫০৩/৫০৪ ধারার অভিযোগ আনা হয়েছে।