বাসস
  ০৭ মার্চ ২০২৬, ২৩:৪৯

শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা

ঢাকা, ৭ মার্চ, ২০২৬ (বাসস) : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে এবং ভুয়া মোবাইল নম্বর থেকে অর্থ দাবির একটি প্রতারক চক্র সক্রিয় হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছে মন্ত্রণালয়।

আজ শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে এবং বিভিন্ন ভুয়া মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণামূলক এবং এর সাথে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের প্রতারণামূলক ফোনকল, খুদে বার্তা (মেসেজ) কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের যোগাযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে, কোনো অবস্থাতেই ভুয়া নম্বরে অর্থ প্রদান কিংবা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়।

সতর্কবার্তায় আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। এ ধরনের জালিয়াতির সাথে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।