শিরোনাম

চট্টগ্রাম, ৭ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের বন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস সেন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস সেন্টু মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ শিপিং এজেন্টস’ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালক, মাল্টিমুভ শিপিং এন্ড ট্রেডিং লি. এর চেয়ারম্যান ও হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের গভর্নিং কমিটির সাবেক সভাপতি ছিলেন আব্দুল কুদ্দুস সেন্টু। তাকে আজ রাত সাড়ে ১০টায় নামাজে জানাযা শেষে দাফন করা হবে।
তার আকস্মিক মৃত্যুতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, রাজনৈতিক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আব্দুল কুদ্দুস সেন্টুর অবদান উল্লেখযোগ্য। তার কর্মকাণ্ডের জন্য তিনি নেতাকর্মী ও এলাকাবাসির কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।