বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১৬:৪৬

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড় সীমান্তে বিজিবির টহল জোরদার

স্থলবন্দর বাংলাবান্ধায় টহল ও তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : বাসস

পঞ্চগড়, ৭ মার্চ ২০২৬ (বাসস): আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতায় সম্ভাব্য পাচার রোধে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় টহল ও তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে পঞ্চগড়ের ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও বিভিন্ন সীমান্ত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দেশের একমাত্র চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে।

একইসাথে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হওয়া যাত্রীদের তল্লাশির পাশাপাশি সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।