শিরোনাম

বরিশাল, ৬ মার্চ, ২০২৬ (বাসস) : নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, যাতে করে প্রধানমন্ত্রীর স্বপ্ন চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়।
আজ শুক্রবার বিকেলে বরিশাল ক্লাব মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান চিকিৎসকদের উদ্দেশে বলেন, দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামে আপনারা যারা ছিলেন, সংখ্যাটা খুব বেশি নয়। এই সংখ্যা দিয়ে আগামী দিনের যে লড়াই, সেটা পার করা যাবে না। আপনাদের আচরণ, ব্যক্তিত্ব, সততা এবং চিকিৎসা পেশার প্রতি আপনাদের যে নিষ্ঠা, সেই দৃষ্টি দিয়ে অন্যান্য চিকিৎসকদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আকৃষ্ট করবেন, অনুপ্রাণিত করবেন এবং এক জায়গায় নিয়ে আসবেন।
তিনি আরো বলেন, ডাক্তার হিসেবে আপনার পেছনে মানুষ কী ধারণা পোষণ করে, এটি খুঁজে দেখবেন। মানুষ আপনাকে কতটুকু ভালবাসে। আপনি চিকিৎসা দিয়ে যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন, তাহলে আপনার জীবন শুধু সার্থক না, পরকালেও আল্লাহ এর জন্য পুরস্কার রেখেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বরিশাল বিভাগ প্রত্যন্ত এলাকা, এখানে ডাক্তার সাহেবরা যেতে চান না। আপনারা দয়া করে ভোলা, পটুয়াখালী, বরগুনাসহ আমাদের এই অঞ্চলে যাতে ডাক্তাররা থাকেন এবং তারা সঠিকভাবে অবস্থান করেন, সে বিষয়টি নিশ্চিত নিশ্চিত করবেন।
ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।