বাসস
  ০৬ মার্চ ২০২৬, ২২:০১

‘ভিকিস মীনাবাজার-২০২৬’ এ নারী উদ্যোক্তাদের মিলনমেলা

আজ শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মীনাবাজারের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস

ঢাকা, ৬ মার্চ, ২০২৬ (বাসস) : ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানীর স্বনামধন্য বিদ্যাপীঠ ও নারী শিক্ষার অগ্রদূত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোডস্থ প্রধান ক্যাম্পাস অডিটরিয়ামে ৬-৭ মার্চ অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ‘ভিকিস মীনাবাজার-২০২৬’।

আজ এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ৭৫ বছর পদার্পন উপলক্ষে বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে এবং ৮মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে।

আজ (শুক্রবার) দুপুরে প্রধান অতিথি হিসেবে এই মীনাবাজারের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের প্রধান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম, শাখা প্রধান বৃন্দ, শিক্ষকবৃন্দ, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার ইফফাত গিয়াস ও নির্বাহী পরিচালক ডা. আফসানা আলমগীর খানসহ কার্যকরী পরিষদ ও এফবিটির সব সদস্য।

স্বাগত বক্তব্যে নির্বাহী পরিচালক ডা. আফসানা বলেন- ‘ভিকারুননিসা অ্যালামনাই এসোসিয়েশনের মূল লক্ষ্য ভবিষ্যৎ নেতৃত্বে নারীদের অগ্রগামী করা। বন্ধুত্বের বন্ধন এবং উদ্যোক্তাদের স্বপ্ন এই মূলমন্ত্র নিয়েই আয়োজন করা হয়েছে এবারের ভিকিদের মীনাবাজার-২০২৬।’

তিনি বলেন ভিকারুননিসা স্কুল, এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মান উন্নয়নসহ যেকোন কার্যক্রমে সহায়তা করবে ভিকারুননিসা অ্যালামনাই এসোসিয়েশন।

অধ্যক্ষ মাজেদা বেগম এই স্কুলকে বিশ্বের রোল মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা ব্যক্ত করে বলেন- কারিকুলাম ও শিক্ষার সামগ্রিক মান ও পরিবেশ উন্নয়নের জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে ভিকারুননিসা স্কুল ও কলেজ।

প্রধান অতিথি ববি হাজ্জাজ তার বক্তব্যে বলেন, ‘সরকার স্কুল ও কলেজের কারিকুলামে ধাপে-ধাপে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন আনতে কাজ শুরু করেছে। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ওপরও গুরুত্বারোপ করা হবে, যাতে তারা একটি সুস্থ, ভারসাম্যপূর্ণ ও মানবিক ব্যক্তিত্ব এবং দক্ষ মানব শক্তি হিসেবে গড়ে উঠতে পারে।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভিকি উদ্যোক্তাদের সাথে আনন্দঘন সময় কাটান ও মীনাবাজারে আগত সবাার সাথে আন্তরিকভাবে ছবি তোলেন।

ছবি : বাসস

এবারের মীনাবাজারে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও নারী উদ্যোক্তাদের পরিচালিত প্রায় ৪৫টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে দেশি-বিদেশি শাড়ি, তৈরি পোশাক, আধুনিক জুয়েলারি, প্রসাধনী, ঘর সাজানোর সামগ্রীসহ বৈচিত্র্যময় পণ্য নজর কেড়েছে ক্রেতাদের।

এছাড়া রমজান মাস হওয়াতে দর্শনার্থীদের জন্য রয়েছে ‘ভিকি’ উদ্যোক্তাদের মজাদার ইফতার সামগ্রীর বিশেষ আয়োজন।

আগামীকাল, ৭ মার্চ, মীনাবাজারের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

আজকের মত আগামীকালও ভিকিদের সরব উপস্থিতিতে মুখরিত থাকবে স্কুল-কলেজ প্রাঙ্গন।