বাসস
  ০৬ মার্চ ২০২৬, ১৬:৪৫

লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তায় উপকারভোগী ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন

ঢাকা, ৬ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর মোট সংখ্যা ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৩১৬ জন আইনি সহায়তা পেয়েছেন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১১ লাখ ৩৯ হাজার ২৪২ জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৯৭৯ জনকে সেবা দেওয়া হয়েছে।

সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বরের মাধ্যমে সেবা পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৯৩ জন। সব মিলিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর মোট সংখ্যা ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন। এরমধ্যে লিগ্যাল এইড’র মাধ্যমে ১ লাখ ৩৬ হাজার ৫৭৬ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার নিয়ন্ত্রিত সেবা সংস্থা।