বাসস
  ০৬ মার্চ ২০২৬, ১৬:৪০

সাবেক সচিব খায়রুল ইসলাম ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

মো. খায়রুল ইসলাম মান্নান। ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ মার্চ, ২০২৬ (বাসস) : সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সাবেক নির্বাহী সদস্য মো. খায়রুল ইসলাম মান্নানসহ তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট প্রাথমিক অনুসন্ধানে প্রতারণা ও অর্থপাচারের তথ্য পাওয়ায় খায়রুল ইসলাম (মান্নান), তার পুত্র মোরসালিন ইসলাম সৌরদ্বীপ এবং স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানা গতকাল এ মামলা দায়ের করে।

সিআইডি জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে কাগুজে (নামসর্বস্ব) দু’টি প্রতিষ্ঠান গড়ে তুলে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। খায়রুল ইসলামের স্ত্রী ও পুত্রের নামে মেঘনা ইন্টারন্যাশনাল লি. এবং মেঘনা এস্টেট লি. দু’টি প্রতিষ্ঠান গঠন করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, ২০১২ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র গুলশান শাখা থেকে প্রতিটি প্রতিষ্ঠানের নামে ২০ কোটি টাকা করে মোট ৪০ কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়।

সিআইডির অনুসন্ধানে আরও জানা যায়, ঋণের অর্থের প্রকৃত উৎস আড়াল করার উদ্দেশ্যে তা বিভিন্ন হিসাবে স্থানান্তর ও লেয়ারিং করা হয়। ভুয়া প্রতিষ্ঠান খুলে নেওয়া ওই ঋণের অর্থ মোরসালিন ইসলাম সৌরদ্বীপের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র ধানমন্ডি শাখার হিসাবে জমা করা হয়।

অনুসন্ধানে আরও জানা যায়, প্রতারণার মাধ্যমে নেওয়া ওই ঋণের অর্থ দিয়ে মোরসালিন ইসলাম সৌরদ্বীপ ইউনিয়ন ব্যাংক পিএলসির প্রতিষ্ঠালগ্নে স্পন্সর শেয়ার ক্রয় করেন। এভাবে আসামিরা ঋণের ৪০ কোটি টাকা পরিশোধ না করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন এবং অপরাধলব্ধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেন।

অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।