বাসস
  ০৫ মার্চ ২০২৬, ২০:০৮

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসন ও নিরাপদ যাতায়াত নিশ্চিতে টাঙ্গাইলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

টাঙ্গাইল, ৫ মার্চ ২০২৬ (বাসস): আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসন ও নিরাপদ যাতায়াত নিশ্চিতে টাঙ্গাইলে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

এ সময় তিনি বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কসহ জেলার আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি মহাসড়কে যানজট নিরসন, শৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

তিনি আরো বলেন, ঈদে মহাসড়কে যানজট নিরসন ও যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সেনাবাহিনীর মেজর রাজু, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার ইকবাল হোসেন এবং জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা, জেলা পুলিশের সার্কেল কর্মকর্তারা, সড়ক ও জনপথ বিভাগ, যমুনা সেতু কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফোর লেন উন্নীতকরণ প্রকল্পে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বাস, মিনিবাস, ট্রাক ও সিএনজি-অটো শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।