বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৭:১০

রাঙ্গামাটিতে অসহায়দের মাঝে বিজিবির মানবিক সহায়তা প্রদান

ছবি: বাসস

রাঙ্গামাটি, ৫ মার্চ ২০২৬ (বাসস): জেলার বরকল উপজেলার ছোট হরিণা বর্ডার গার্ড বাংলাদেশ (বজিবি)’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ছোট হরিণা ব্যাটালিয়ন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় পরিবারের মাঝে এসব মানবিক সহায়তা প্রদান করেন ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

এ সময় ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন, দুস্থদের চিকিৎসায় অর্থ সহায়তা, বিয়ের জন্য অনুদান, সেলাই মেশিন, মসজিদের ইমামদের সম্মানী, মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও অগ্নিদগ্ধ ২টি পরিবারের মাঝে আর্থিক অনুদান ও বিভিন্ন ক্লাবকে খেলনা সামগ্রীসহ দুই লাখ চুয়ান্ন হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জোন কমান্ডার।

‎এ সময় জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

‎সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।