শিরোনাম

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।
গত সাত দিনব্যাপী পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় ২৮১ জনকে আটক করা হয়।
নৌ পুলিশের অভিযানে মোট ৩ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ৫২৩ মিটার অবৈধ জাল, ৪ হাজার ৫০১ কেজি মাছ, ৫৬ হাজার মাছের পোনা এবং ৩৫০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ধ্বংস করা হয় ৩৭৩টি ঝোপঝাড়।
অভিযান চলাকালে বৈধ কাগজপত্র না থাকায় ৯৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয় এবং ৪ টি ড্রেজার জব্দ করা হয়।
সাত দিনের এ অভিযানে ২৮১ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় ৪৭টি মৎস্য আইন, ৯টি বেপরোয়া গতি আইন, ৮টি অপমৃত্যু, ২টি বালুমহাল, ২টি নদী দূষণ, ১টি চুরি, ১টি মাদক এবং ১টি হত্যা মামলাসহ মোট ৭১ টি মামলা দায়ের করা হয়েছে।
জব্দ করা অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা মাছের পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে এবং অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।