বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১২:০০

জিয়া-খালেদার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছবি: ভিডিও থেকে নেয়া

ঢাকা, ০৫ মার্চ, ২০২৬ (বাসস) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ইফতার মাহফিল হয়। এতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রদলের নেতাকর্মী অংশ নেন।

মাসুম বিল্লাহ বলেন, ‘বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আমরা ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। মহান আল্লাহর দরবারে আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করেছি এবং দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন, তার উত্তরোত্তর সাফল্য কামনায় আমরা বিশেষভাবে দোয়া করেছি। আমরা বিশ্বাস করি, দেশের এই সংকটময় সময়ে তার দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্বই বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে পারবে।’

ছাত্রদল নেতা বলেন, পতিত স্বৈরাচারের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করে একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।