বাসস
  ০৪ মার্চ ২০২৬, ১৭:২২

ঢাকায় বিসিসিসিআই’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) মঙ্গলবার ঢাকার একটি হোটেলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।

অনুষ্ঠানে কূটনীতিক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতা, দ্বিপাক্ষিক চেম্বারগুলোর সভাপতি, চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ’র সদস্যবৃন্দ, বিসিসিসিআই’র পরিচালক ও সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীন দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পুলিশের প্রধান মো. গোলাম রসুল, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সভাপতি হান কুন এবং বিসিসিসিআই’র সাবেক প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নারগিস মোরশেদা।

সং ইয়াং তার বক্তব্যে বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বিনিয়োগ সহযোগিতার বিষয়টি তুলে ধরে বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ৩০টিরও বেশি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশি অংশীদারদের সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। যার সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার।

স্বাগত বক্তব্যে বিসিসিসিআই’র সভাপতি খোরশেদ আলম বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরে বলেন, চীন বাংলাদেশের পণ্যের জন্য ১০০ শতাংশ শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদান করেছে। তিনি এই সুযোগ কাজে লাগিয়ে ফলমূল, শাকসবজি, চিংড়ি, কৃষিপণ্য ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্য চীনা বাজারে রপ্তানি বৃদ্ধির জন্য উদ্যোক্তাদের আহ্বান জানান।

সিইএবি’র সভাপতি হান কুন বাংলাদেশে বিনিয়োগ, শিল্প সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে চীনা প্রতিষ্ঠানগুলোর অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এ আয়োজন বাংলাদেশ ও চীনের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার প্রতিফলন ঘটায়।