শিরোনাম

ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল (আ হ ম মোস্তফা কামাল) ও তার মেয়ে নাফিসা কামালের ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ আবু নোমানের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আ হ ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল এবং তাদের দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালরা সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে, দুবাইয়ে সম্পত্তি গড়া, শেয়ার কারসাজি এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে বিদেশে পাচার করেন। মোস্তফা কামাল ও নাফিসা কামালের ব্যবসায়ী পার্টনার, কানাডা-দুবাইয়ের স্থায়ী নাগরিক ও অর্থ পাচারকারী মোহাম্মদ আবু নোমান মালিকানাধীন সকল মেডিক্যাল চেকআপ সেন্টার স্থায়ীভাবে বন্ধ করা ও তার সকল সম্পদ রাষ্ট্রীয় করা সংক্রান্ত অভিযোগেরর অনুসন্ধান চলছে।
আবেদনে আরো বলা হয়েছে, অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ আবু নোমান নিয়মিতভাবে বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং বছরের একটা বড় অংশই বিদেশে অবস্থান করেন। তার একাধিক দেশের নাগরিকত্ব থাকার সম্ভাবনা রয়েছে।
অনুসন্ধান চলমান থাকায় তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে গোপন সূত্রে জানা গেছে। সে বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।