বাসস
  ০৩ মার্চ ২০২৬, ২১:১৩

এলজিইডির সড়ক ও আয়রন ব্রিজ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : দুর্নীতি দমন কমিশন (দুদক) এলজিইডির সড়ক উন্নয়ন ও আয়রণ ব্রিজ নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ ও পিরোজপুর জেলায় পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় এলজিইডি কর্তৃক সড়ক উন্নয়নের আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। টিম অভিযোগস্থল হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের মিলনবাজার সংলগ্ন নির্মাণাধীন সড়ক সরেজমিনে পরিদর্শন করে।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রকল্পের রেকর্ডপত্র বিশ্লেষণ করা হয় এবং স্থানীয় জনগণের বক্তব্য গ্রহণ করা হয়। নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থানে পরিমাপ গ্রহণের পাশাপাশি কয়েকটি জায়গায় রাস্তা খনন করে কাজের মান ও বাস্তবায়ন অগ্রগতি প্রাথমিকভাবে যাচাই করা হয়। বিস্তারিত অনুসন্ধানের স্বার্থে প্রকল্প-সংশ্লিষ্ট সকল নথিপত্র সংগ্রহ করা হয়েছে। 

অন্যদিকে, পিরোজপুর সদর উপজেলার কদমতলী ইউনিয়নের বাগমারা আবাসন এবং ভান্ডারিয়া উপজেলার ৬নং ওয়ার্ডসহ বিভিন্ন উপজেলায় আয়রণ ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন না করেই বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুর থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে দুদক সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে ইতোমধ্যে ৮টি মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তকালে প্রকল্পগুলোর পরিমাপ গ্রহণ করা হয়েছে এবং কাজের অগ্রগতি ও বাস্তবতার সঙ্গে বরাদ্দ ব্যয়ের সামঞ্জস্য যাচাই করা হচ্ছে।

এনফোর্সমেন্ট টিম উভয় অভিযানের তথ্য-উপাত্ত ও নথিপত্র যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।