শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্পের সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত ছাড়পত্র না পাওয়ায় প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। পরিবেশ ছাড়পত্র পাওয়া মাত্রই দ্রুত বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আজ সাভারে ডিএনসিসির বর্জ্য ডিসপোজাল এলাকা আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, ‘আমাদের দিক থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করবো। চূড়ান্ত ছাড়পত্র পেলেই কাজ শুরু করা সম্ভব হবে। অনুমোদন পাওয়া গেলে দেড় থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে।’
তিনি আরও জানান, ল্যান্ডফিল এলাকায় জমে থাকা বর্জ্য থেকে মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এ কারণে মাঝেমধ্যে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়, যা আশপাশের বসতবাড়ির বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ইতোমধ্যে স্থানীয়দের পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে ডিএনসিসি।
সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ডিএনসিসির ওয়েস্ট টু এনার্জি প্রকল্প বাস্তবায়নে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক কাজ শুরু হয়েছে। বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প বাস্তবায়নের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাধ্যতামূলক। তবে এখনো সেই অনুমোদন না পাওয়ায় প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম স্থগিত রয়েছে।
পরিদর্শনকালে প্রশাসক আমিনবাজার ল্যান্ডফিলের চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম শফিকুর রহমান।