শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : কোমলমতি শিশু-কিশোরদের পবিত্র কোরআন মুখস্থকরণে উৎসাহিতকরণ এবং ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় নাম নিবন্ধনের সর্বশেষ তারিখ ৩১ মার্চ। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ১ এপ্রিল থেকে শুরু হবে।
আজ ইফা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।
৩টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে ইফা বলেছে, ‘ক’ গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফয (অনুর্ধ্ব ১৮ বছর), ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফয (অনুর্ধ্ব ১৫ বছর) ও ‘গ’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফয (অনুর্ধ্ব ১২ বছর)।
জাতীয় পর্যায়ে বিজয়ীদের প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার দেড় লাখ টাকা ও তৃতীয় পুরস্কার এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপে ৯ জন বিজয়ীকে ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার।
প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু প্রতিযোগীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে দরখাস্ত ইসলামিক ফাউন্ডেশনের স্ব স্ব জেলা/উপজেলা কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। নাম নিবন্ধনের সর্বশেষ তারিখ ৩১ মার্চ। ১ এপ্রিল থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে বলে ইফার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।