বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৭:২৭

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি

ছবি : বাসস

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইনে পরিণত করার দাবি জানিয়েছে তামাকবিরোধী সংগঠনগুলো।

তারা বলেন, সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপনের ৩০ দিনের মধ্যে অধ্যাদেশটি পাস না হলে এর কার্যকারিতা হারাবে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ সংসদের প্রথম অধিবেশনে আইনে রূপান্তর করার দাবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়ক ডা. অরুনা সরকার। 

তিনি বলেন, টোব্যাকো এটলাস ২০২৫ অনুযায়ী দেশে ১৫ বছর বা তার বেশি বয়সী প্রায় ২ কোটি ১৩ লাখ মানুষ তামাক ব্যবহার করে এবং প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয় তামাকজনিত রোগে।

ডা. অরুনা সরকার বলেন, বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল স্বাক্ষরকারী প্রথম দেশ এবং এর ধারাবাহিকতায় তৎকালীন সরকার ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। এবারও বিএনপির নির্বাচনী ইশতেহারে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ (ক্যান্সার, স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ব্যাধি ইত্যাদি) নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ এবং তামাক ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনি উদ্যোগ ও অন্যান্য কার্যক্রম গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নতুন প্রজন্মকে রক্ষায় অধ্যাদেশটি যুগান্তকারী, তাই সংসদের প্রথম অধিবেশনেই এটিকে আইনে রূপান্তর করতে হবে।

সভাপতির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, আইনটি পাস হলে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষা পাবে, তামাকজনিত অসুস্থতা ও মৃত্যু কমবে। 

তিনি বলেন, আইন পাস না হলে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় সংসদের প্রথম অধিবেশনেই অধ্যাদেশটি আইনে রূপান্তর করতে হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রোগ্রাম অফিসার খাদিজাতুল কুবরা, উবিনীগের প্রোজেক্ট কো-অরডিনেটর হাসানুল হাসিব আল গালিব প্রমুখ বক্তব্য রাখেন।