শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : জামায়াতের উদ্যোগে রাজধানীর উত্তরায় সামাজিক দায়বদ্ধতা ও জনদুর্ভোগ লাঘবে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের সামনে থেকে এ কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্বাঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে মশা নিধনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে— এমন প্রত্যাশা ছিল। কিন্তু নগরবাসী এখনও মশার উপদ্রবে ভোগান্তিতে রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’
তিনি আরও বলেন, অতি দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নগরসেবা নিশ্চিত করা প্রয়োজন। এতে জনগণের প্রত্যাশা পূরণ ও নাগরিক সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে।
উদ্বোধনের পর হাসপাতালের সামনের এলাকা থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও রমজান মাসে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।