শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : মুন্সিগঞ্জ জেলার পূর্ব রাখি গ্রামে শ্যামল বেপারীকে (৩৮) পূর্ব পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড এবং আট জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক শ্যাম সুন্দর এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাহাদাত বেপারী, জাহাঙ্গীর বেপারী ও ইব্রাহিম বেপারী।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মনির চৌকিদার, হায়াতুল ইসলাম চৌকিদার, হাবিব বেপারী, আশরাফুল খান, হুমায়ুন দেওয়ান, এমদাদ হালদার ওরফে ইমরান, আইয়ুব খাঁ এবং লিটন বেপারী। পাশাপাশি তাদের ২৫ হাজার টাকা অর্থদণ্ডেরও আদেশ দেন আদালত। অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার পূর্ব রাখি গ্রামে নিজ বাড়ীতে ২০২৩ সালের ১৩ জুন শ্যামল খাওয়া-দাওয়া শেষে রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন। পূর্ব বিরোধের জের ধরে আসামিরা তাকে গুলি করে হত্যা করেন।
এ ঘটনায় একই বছরের ১৫ জুন শ্যামলের ছোট ভাই ইব্রাহিম মিয়া মুন্সিগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। সেখান থেকে মামলাটি ঢাকার দ্রুত বিচার আদালত-৩ এ পাঠানো হয়। গত বছরের ১৪ জুলাই ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ২৭ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন।