শিরোনাম

কুষ্টিয়া, ২ মার্চ ২০২৬ (বাসস): লালন সাঁই -এর স্মরণে ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা আজ ছেউড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ বেলা ২টায় লালন একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি ও চিন্তক ফরহাদ মজহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, পিপিএম(বার)। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান।
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন দোলপূর্ণিমা উৎসব। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ ফকির লালন শাহের এই অমিয় বাণীর টানে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় সাধু-ভক্তের মিলনমেলায় পরিণত হয়েছে। তবে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় এবার উৎসবের চিরাচরিত জৌলুশে কিছুটা ভিন্নতা এসেছে। সীমিত পরিসরে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে এবারের আয়োজন।
প্রতিবছর দোলপূর্ণিমা তিথিতে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হলেও এবার তা এক দিনে নামিয়ে আনা হয়েছে। জেলা প্রশাসন ও লালন একাডেমি জানায়, রমজানের কারণে মেলা এবং রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার দুপুরে পূর্ণ সেবা গ্রহণের মধ্য দিয়ে এবারের সংক্ষিপ্ত লালন দোল উৎসবের সমাপ্তি ঘটবে।
উৎসবের আনুষ্ঠানিকতা সীমিত হলেও ভক্তদের হৃদয়ের টান কমেনি। কয়েক দিন ধরেই বাউল, সাধু ও দর্শনার্থীরা আখড়াবাড়িতে সমবেত হতে শুরু করেছেন। আখড়া প্রাঙ্গণের আনাচে-কানাচে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বাউলেরা মেতে উঠেছেন ভাব বিনিময়ে। একতারা ও ডুগডুগির সুরে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।