বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৭:৩৫

ইতিহাসে আ স ম আবদুর রবের ভূমিকা অস্বীকারের সুযোগ নেই : আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ফাইল ছবি

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ইতিহাসে আ স ম আবদুর রবের সাহসী ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ইতিহাস সাময়িকভাবে বিকৃত করা গেলেও তা পরিবর্তন বা মুছে ফেলা যায় না।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উদ্যোগে ২ মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ২ মার্চ একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্রহীন পরিস্থিতি ছিল। এই সময়ে অনেকের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আবদুস সালাম বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকলেও জাতীয় স্বার্থ, গণতন্ত্র এবং উগ্রবাদ প্রতিরোধের প্রশ্নে ঐক্য ধরে রাখা জরুরি। সরকারকে সময় দিয়ে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার ওপর গুরুত্ব দেন তিনি।

দেশের অগ্রগতি নিশ্চিত করতে বিভক্তির পথে না গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই প্রশাসক।

জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলন সভাপতি হাসনাত কাইয়ুম, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট ড. সুব্রত চৌধুরী।