শিরোনাম

বগুড়া, ২ মার্চ, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি ও দলীয় প্রার্থী রেজাউল করিম (বাদশা)।
আজ দুপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ফজলুল করিমের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের রেজাউল করিম (বাদশা) বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত বছরগুলোতে অনেক চ্যালেঞ্জ নিয়ে রাজনীতি ও নির্বাচন করেছেন এবং জনগণের ভালোবাসা নিয়ে বিজয়ী হয়েছেন। আজ আমিও তার প্রতিনিধি হিসেবে এই চ্যালেঞ্জকে সামনে নিয়ে বগুড়ার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে চাই।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর বগুড়াবাসী যেভাবে বঞ্চিত ও অবহেলিত ছিল, সেই অবহেলিত মানুষকে সঙ্গে নিয়েই তিনি সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে চান।
বগুড়ার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বগুড়া বিমানবন্দর, সিটি কর্পোরেশন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং রেলওয়ের কাজ বর্তমানে চলমান রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই কাজগুলো দ্রুতগতিতে এগিয়ে নিতে কাজ করছেন। তিনি বগুড়া থেকেই তার কাজ শুরু করতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচনী আচরণবিধি মেনে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১০ তারিখের সফর স্থগিত করেছেন। এ থেকেই প্রমাণিত হয় বগুড়ার মানুষের প্রতি তার নাড়ির টান কত গভীর।
উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য আমাদের বিশেষ কৌশল থাকবে, যা এখনই প্রকাশ করছি না। ইনশাল্লাহ ভোটাররা কেন্দ্রে এসে বগুড়ার উন্নয়নে শরিক হবেন।
নির্বাচনী প্রচারে জুবায়দা রহমান বা জাইমা রহমান আসবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পার্টির চেয়ারম্যান মনে করলে তারা অবশ্যই আসবেন। আমার পক্ষ থেকে অবশ্যই আবেদন থাকবে যেন জুবায়দা রহমান, জাইমা রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ বগুড়াবাসীর জন্য প্রচারে অংশ নেন।
উন্নয়নের এই জোয়ারে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সকল সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এই প্রার্থী।