শিরোনাম

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : তিন বছর আগে সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় ঢাকায় আত্মগোপনে থাকা ফজলকে (২৭) গ্রেফতার করা হয়েছে।
পিবিআই সূত্র জানায়, ২০২৩ সালের ২৬ জুন রাতে হবিগঞ্জ সদর উপজেলার তেগরিয়া ইউনিয়নের শিয়ালদারিয়া গ্রামের মহিবুর রহমান (২৫) নিখোঁজ হন। পরদিন দুপুরে বাড়ির পাশ্ববর্তী একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা শনাক্ত করেন।
এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। প্রায় ছয় মাস পর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। পিবিআইয়ের তদন্তকারী দল ধারাবাহিক ও নিবিড় তদন্তের মাধ্যমে নিশ্চিত হয় যে, ফজল নামের এক ব্যক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। হত্যার পর আসামি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় তিন বছর ছদ্মনামে আত্মগোপনে ছিল।
দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার আবদুল্লাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে সে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তদন্তে জানা যায়, আসামি ফজলের পিতার কুলখানি অনুষ্ঠানের দিন ভিকটিমের পিতা আতর আলীর সঙ্গে তার কথা কাটাকাটি ও বিরোধের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে ক্ষোভ থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে ফজল।
সুযোগ বুঝে সে টিউবওয়েলের লোহার রড দিয়ে মহিবুরের মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে এবং মরদেহ পাশ্ববর্তী খালে ফেলে দিয়ে আত্মগোপনে চলে যায়।
মামলাটির তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে পিবিআই।