শিরোনাম

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস): সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে ২৩ কোটি টাকা মানিলন্ডারিং ও বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা এক মামলার চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।
চার্জশিটে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
একই মামলায় অভিযুক্ত অন্যদের মধ্যে রয়েছেন ইউসিবি পিএলসির সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রূকমীলা জামান, ব্যাংকটির সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তারা, আরামিট পিএলসির একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং হুন্ডি কার্যক্রমে জড়িত কয়েকজন ব্যক্তি।
তদন্তে অভিযোগ করা হয়, প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে অর্থ উত্তোলন, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে তা বিভিন্ন মাধ্যমে স্থানান্তর ও বিদেশে পাচার করা হয়।
তবে মামলার এক আসামি শরীফ জহিরের বিরুদ্ধে অভিযোগের দায় হতে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।