বাসস
  ০২ মার্চ ২০২৬, ১২:৪৩
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৩:৫৬

রৌমারী-চিলমারী রুটে ফেরি পারাপার বন্ধ 

: জেলার রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি পারাপার বন্ধ হয়ে পড়ায় জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। ছবি: বাসস

কুড়িগ্রাম, ২ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি পারাপার বন্ধ হয়ে পড়ায় জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। ফেরি চালু হওয়ার পর থেকে স্পষ্ট হয়ে ওঠেছে সেবার অনিশ্চয়তা নিয়ে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চালুর পর ডিসেম্বর পর্যন্ত ১০৪ দিনের মধ্যে ফেরি চলেছে ৯৭ দিন। এ সময়ে পারাপার হয়েছে ২ হাজার ৮৮৫টি গাড়ি।

২০২৪ সালে ৩৬৬ দিনের মধ্যে ফেরি চলেছে ২৪১ দিন, বন্ধ ছিল ১২৫ দিন। পারাপার হয়েছে ৬ হাজার ৫৬২টি গাড়ি। তবে ২০২৫ সালে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২১৮ দিনের মধ্যে ফেরি চলেছে মাত্র ৬৮ দিন; পারাপার হয়েছে ২ হাজার ২৫০টি গাড়ি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চিলমার-রৌমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (হিসাব) নুরন্নবী সরকার বাসস’কে বলেছেন, পরিবহনের চাপ ও চাহিদা বিবেচনায় শুকনো মৌসুমে ড্রেজিং জোরদার করলে কমপক্ষে চারটি ফেরি প্রয়োজন হবে। সারাবছর সার্ভিস সচল রাখা সম্ভব এবং জ্বালানি সাশ্রয়ের কারণে রুটটি লাভজনকও হতে পারে। ফেরি সচল হলে কম ড্রাফটের ফেরি নিয়োগের আশ্বাস রয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, নাব্যতা রক্ষায় পরিকল্পিত ও টেকসই উদ্যোগের অভাব রয়েছে। সময়মতো ড্রেজিং ও সঠিক চ্যানেল নির্ধারণ না করায় প্রতিবছর একই সংকট তৈরি হচ্ছে।

কাগজে-কলমে কাজ দেখালেও বাস্তবে কার্যকর খনন হচ্ছে না বলেও অভিযোগ তাদের।

চিলমারী রমনা ঘাটের হোটেল মালিক রমজান আলী বলেন, ‘ফেরি চালু থাকলে বিভিন্ন এলাকার যানবাহন ও মানুষজন আসত। তখন ব্যবসাও ভালো হতো।’

ফেরি বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন মালিকদের নৌকায় পারাপার হতে হচ্ছে। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে এবং বেশি ভাড়া আদায় নিয়ে প্রায়ই বাকবিতণ্ডা চলছে।

এদিকে, নাব্যতা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দাবি করেছে, নদীর স্বাভাবিক গতি প্রকৃতি ও চর জেগে ওঠার কারণে নাব্যতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। 

সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সমির পাল জানান, প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ড্রেজিং করে প্রায় ৪০ মিটার খনন করা হচ্ছে। তবে আগামী এপ্রিল বা মে মাসের আগে ফেরি চালু সম্ভব নয়।