শিরোনাম

খুলনা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার-২০২৫ সম্মাননা পেলেন পাঁচ নারী।
খুলনা বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ রোববার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সকল নারীই অদম্য। শিক্ষা হলো আলো আর আলো হলো নূর। আজকের সফল নারীরা হলেন নূরের অংশ। সমাজে নারী ও পুরুষের ভূমিকা অনস্বীকার্য। অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে নারীদের সফলতা ছিনিয়ে আনতে হয়। টাকা বা পুরস্কার বিষয় নয়, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতি মূল বিষয়।
তিনি আরও বলেন, আজকের বিজয়ীরা শুধু নিজের জন্য নয়, পরিবার বা সমাজের পক্ষে স্বীকৃতি অর্জন করেছেন। মেয়েদের কাজ মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। মেয়েরা এভাবেই সামনে এগিয়ে যাক।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।
পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা এ অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
এসময় শ্রেষ্ঠ অদম্য নারী, তাদের অভিভাবক, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে খুলনার খালিশপুরের তারানা তাবাচ্ছুম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কুষ্টিয়ার ভেড়ামারার মোছা. ববিতা খাতুন, সফল জননী ক্যাটাগরীতে সাতক্ষীরা সদরের লুৎফুন নেছা বেগম, নির্যাতনের দু:স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী যশোর সদরের শরিফা ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চুয়াডাঙ্গার জীবন নগর উজেলার মোছা. রাজিয়া খাতুন।