শিরোনাম

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩০ হাজার ১৭৩ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য এতে তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর যাত্রা শুরু হয়। শুরু থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৩০ হাজার ১৭৩ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন।
এর মধ্যে ২৬ হাজার ৮১৮টি আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে। ৩ হাজার ৩৫৫টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩০০টি মামলা।
আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।